তুমি চুপ করে থাকো অনেক সময়।

আমার চোখে চোখ রাখো না, কথা বলো না, অথচ আমি জানি—তুমি আমার ভেতরটা বুঝে ফেলো ঠিকই।
তবু দূরত্বটা বেড়ে যায়,
শব্দগুলো জমে থাকে মাঝখানে… আর আমি ভেবে বসি—শুধু আমিই কি তোমার মন খারাপের কারণ?

তুমি জানো না, কতবার নিজের কাছে লড়েছি।
তোমার হাসি ফোটাতে কত ছোট ছোট খুশি ত্যাগ করেছি।
তবু তুমি চুপ,
তুমি অভিমান করো, আর আমি নিজের মাঝেই প্রশ্ন খুঁজি—
"তোমার পাশে থাকাটা কি আমার ভুল ছিল?"

আমি কখনোই পারিনি ঠিক করে বোঝাতে,
তোমাকে নিয়ে আমার স্বপ্নগুলো কতো গভীর।
তুমি যদি ভাবো, আমি কষ্ট দিয়েছি,
তাহলে বিশ্বাস করো, আমি নিজেকেই কষ্ট দিয়েছি সবচেয়ে বেশি।

তুমি হয়তো বলো না কিছু,
কিন্তু তোমার নিরবতা আমায় ছিঁড়ে ফেলে প্রতিদিন।
আর তাই ভাবি…
আমি যদি একদিন চুপিচুপি হারিয়ে যাই,
তাহলে হয়তো সব ঠিক হয়ে যাবে তোমার।

তুমি আর মন খারাপ করবে না,
তুমি হয়তো আবার হাসবে,
তুমি হয়তো মুক্ত হবে আমার ভালোবাসার ভার থেকে।

কিন্তু একটা কথা শুধু মনে রেখো—
তোমায় আমি কখনো কষ্ট দিতে চাইনি,
শুধু ভালোবেসে গেছি নিজের মতো করে।

ভুল হয়ে থাকলে ক্ষমা করে দিও,
আমি তো শুধু চেয়েছিলাম—তুমি থাকো, আমি থাকি… একসাথে।